তথ্য প্রযুক্তিতে নারীদের দক্ষতা অর্জনে কুমিল্লার সিসিএন ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি-তে অনুষ্ঠিত হলো প্রোগ্রামিং ক্যাম্প এবং চাকরি প্রস্তুতিমূলক কর্মশালা।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর উদ্যোগে আয়োজনের তৃতীয় দিন শুক্রবার চাকরির প্রস্তুতিমূলক ওয়ার্কশপে অংশ নেন শিক্ষার্থীরা। এখানে তারা শেখেন কিভাবে কর্মক্ষেত্রের জন্য প্রস্তুতি নেয়া যায়, কিভাবে সিভি তৈরী করতে হয় এবং চাকরি ভাইভা দেয়ার কিছু নিয়মাবলী সম্পর্কে। হার্ড স্কিলের সাথে সাথে সফট স্কিলের গুরুত্ব সম্পর্কেও ধারণা নেন তারা।

এর আগে ৪ মার্চ গ্রেস হপার গার্লস প্রোগ্রামিং ক্যাম্পের মধ্য দিয়ে শুরু হয় তিনদিনের কার্যক্রম। ক্যাম্পটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা চৌধুরী, প্রতিষ্ঠানটির প্রোভিসি প্রফেসর ড. এ কে এম আসাদুজ্জামান, প্রফেসর ড. আলি হোসাইন চৌধুরী এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ইকবাল।
দুইদিনব্যাপী ক্যাম্পে অংশ নেন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রায় ৩০ জন শিক্ষার্থী। সি প্রোগ্রামিং এর প্রাথমিক ধারণা নিয়ে শিক্ষার্থীদের দুইদিনের সেশনটি পরিচালনা করেন বিডিওএসএন এর একাডেমিক কো-অর্ডিনেটর।
এছাড়াও প্রোগ্রামিং প্রতিযোগিতার অনলাইন জাজের সাথে পরিচিত হন শিক্ষার্থীরা। কিভাবে অনলাইন প্রোগ্রামিং কন্টেস্টে অংশ নিতে হয় তার খুঁটিনাটি শেখেন শিক্ষার্থীরা। দ্বিতীয় দিন ক্যাম্পের শেষ ধাপে মেয়েরা অংশ নেন একটি অনলাইন প্রোগ্রামিং কন্টেস্টে।